নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জন সার ডিলারকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুড়িয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
নাবিলা ইয়াসমিন জানান, আবাদপুকুর বাজারে কৃষকদের কাছে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আবাদপুকুর বাজার ও পাকুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার এবং পাকুড়িয়ার সুধীর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাবিলা ইয়াসমিন আরও জানান, কৃষকদের স্বার্থরক্ষা এবং সরকারনির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।