নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আহত শিশুর নাম রেজওয়ান আহম্মেদ। সে উপজেলার মধুপুর গ্রামের ময়েন উদ্দীন প্রামাণিকের ছেলে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে রেজওয়ান।
চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে শিশুটির পরিবার নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের কাছে আর্থিক সহায়তা চায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর নির্দেশে রাণীনগর উপজেলা বিএনপি সহায়তার হাত বাড়ায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারব হোসেন শিশুটির মায়ের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলসহ দলীয় নেতা-কর্মীরা।
সহায়তা প্রদানের সময় মোশারব হোসেন বলেন, এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে উপজেলা বিএনপি সব সময় ছিল, এখনো আছে। এরই ধারাবাহিকতায় আমরা আহত শিশু রেজওয়ানের চিকিৎসার জন্য এই সহায়তা দিলাম। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।