রাজশাহী

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেপ্তার ॥ হাসুয়া, মোবাইল ও টাকা উদ্ধার

নওগাঁর রাণীনগরে সড়কে গণছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১,৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে গণছিনতাইয়ের এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের 'বেলঘড়িয়া ইসলামের ভিটা' নামক স্থানে ছিনতাইকারীরা একে একে অন্তত ৮ জনকে মারধর করে ৮টি মোবাইল ফোন এবং মোট ২০-২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মারধরে এ সময় বেশ কয়েকজন পথচারী আহত হন। এ ঘটনায় বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকায় অভিযান চালিয়ে আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলালকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এরপর ওই রাতেই রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া এলাকার জঙ্গল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, ১,৩২০ টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং বাকি ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 


সম্পর্কিত খবর