নওগাঁর রাণীনগরে মাত্র ৬ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটলে শিশুর মা বাদী হয়ে রাতে থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুর পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, বুধবার বিকেলে ওই শিশু খেলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর শিশুকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক এক এক করে ওই দুই কিশোর পালাক্রমে শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুর মা তাকে খুঁজতে থাকলে দুই কিশোর শিশুকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই বাড়ি থেকে শিশুকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে দুই কিশোরকে আসামি করে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ১৫ ও ১৬ বছর বয়সি ওই দুই কিশোরকে গ্রেপ্তার করে।
ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, ধর্ষণের কারণে শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুই কিশোর। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।