রাজশাহী

রাণীনগরে পৌনে ২ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প এখন জনশূন্য, লুট হয়েছে গবাদিপশু

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নেওয়া প্রায় পৌনে দুই কোটি টাকার দুটি ডেইরি খামার প্রকল্প এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খামারের শতাধিক গরুসহ বিপুল পরিমাণ সম্পদ লুট হয়ে যাওয়ায় ভেস্তে গেছে সরকারের এই পুনর্বাসন উদ্যোগ। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে খামারের অবকাঠামো দুষ্কৃতিকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরমপন্থীদের (সর্বহারা) আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নের বড়ইতলা নামক স্থানে খাস জমিতে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়। ‘স্বপ্ন চাষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’ নামে ৭৫ লাখ টাকা এবং ‘আশার আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’ নামে ১ কোটি টাকা বরাদ্দ দেয় জেলা প্রশাসন। ২০২৪ সালের শুরুর দিকে শতাধিক গরু নিয়ে খামার দুটির যাত্রা শুরু হয়েছিল।

 

সরেজমিনে দেখা যায়, ডেইরি খামারের ভবনগুলো এখন জনশূন্য। স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর সমিতির প্রভাবশালী সদস্য ও সংশ্লিষ্টরা রাতারাতি খামারের গরু ও প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে সমিতির সদস্যরা আত্মগোপনে থাকায় খামার দেখভালের কেউ নেই। নির্জন এলাকায় অবস্থিত এই ভবনগুলোতে সন্ধ্যার পর মাদকসেবীদের আসর বসছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম ও জব্বার আলী। তারা দ্রুত এই সরকারি সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।

 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, প্রকল্পটির বর্তমান অবস্থা সম্পর্কে প্রশাসন অবগত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



সম্পর্কিত খবর