নওগাঁর রাণীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে যুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমিজমা-সংক্রান্ত মামলায় উপজেলার করজগ্রামের সায়েদ আলীর ছেলে আব্দুস সাত্তার, একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বুলু প্রামাণিক, ময়েজ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম ও আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া একই রাতে ভান্ডার গ্রামের সেকেন্দারের ছেলে মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। মামুনুর রশীদ একটি মামলায় ৩ বছর এবং অপর একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
ওই রাতেই মধুপুর গ্রামের মোজাহারের ছেলে জালাল উদ্দীন এবং নিচতালিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এই দুজনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। এ ছাড়া একটি চুরি মামলায় উপজেলার দুধকণ্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।