রাজশাহী

রাণীনগরে ৩য় শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নওগাঁর রাণীনগরে ৩য় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড় ১১টা নাগাদ উপজেলার পারইল বাজারে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিশুর মা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্কুলে যাওয়ার পর সহপাঠীদের সাথে পারইল বাজারে খাবার জিনিস কিনতে মোজার দোকানে যায়। এ সময় অন্য সহপাঠীরা জিনিস কিনে ফিরে গেলেও দোকানদার মোজা তাঁর মেয়েকে ডেকে দোকানঘরের মধ্যে নিয়ে যায়। এরপর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বৃদ্ধকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধ মোজাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধ মোজার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিশুর পরিবার।

বিকেল ৫টা নাগাদ এ প্রতিবেদন লেখার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয়রা মোজাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সম্পর্কিত খবর