চট্টগ্রাম প্রতিদিন

রামগঞ্জে তথ্য উপদেষ্টার পিতার উপর হামলার ঘটনায় সেচ্চাসেবক দল নেতাসহ আটক-২

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পিতা  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের এক নেতা ও যুবদলের এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ৯ এপ্রিল বুধবার সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর (৩৪) এবং যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের। সাগর হোসেন শুক্কুর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে, এবং আবদুল কাদের একই গ্রামের কাদের কন্ট্রাকটর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে।

 

জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘদিন পর নিজ গ্রাম নারায়নপুরে আসেন। তার উপস্থিতির খবর পেয়ে স্বেচ্ছাসেবকদল নেতা শুক্কুর ও যুবদল নেতা কাদেরের নেতৃত্বে দলীয় কর্মীরা তাকে ধাওয়া দেওয়ার চেষ্টা করে তখন যুবদলের আরেকটি অংশ এবং মোল্লা পরিবার বাধা দিলে সংঘর্ষ শুরু হলে মঞ্জু পালিয়ে যায়। নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঘটনাস্থলে আসা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইটের আঘাতে বাম হাতে আহত হন।

 

ঘটনার প্রতিবাদে ঐদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান মঞ্জু তার ছাত্রলীগ দায়িত্বকালীন সময়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এ ছাড়া তিনি একাধিকবার সাগর হোসেন শুক্কুরকে মারধর করেন বলে জানা গেছে।

 

আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার খবরে ১ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু এবং এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার খোঁজখবর নিতে নারায়নপুরে যান। তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, “ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



সম্পর্কিত খবর