দেশের খবর

রায়পুরায় ইউনিয়ন পরিষদে দা’য়ের কোপে ব্যবসায়ী খুন, ঘাতক মাদকাসক্ত আটক

 
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভেতরে প্রকাশ্যে ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বারান্দায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।
 
নিহত শাহীন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে একটি স্যানিটারি দোকানের মালিক ছিলেন। অভিযুক্ত ঘাতক শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শাহীন ব্যবসায়িক কাজে ট্রেড লাইসেন্স নিতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় সেখানে আগে থেকে অবস্থান করছিলেন শামীম। হঠাৎ করে কোনো রকম পূর্ববিরোধ ছাড়াই শামীম তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালানোর চেষ্টা করে।
 
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ঘাতক শামীমকে ধরে পুলিশে সোপর্দ করে।
 
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য মতে, শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। তিনি প্রায়ই ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করতেন এবং এর আগেও বিভিন্ন সময় এলাকাবাসীর ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন।
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “ঘাতককে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ইউপি ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর