স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ২-৩ গোলের হারের পর দায়িত্ব থেকে বরখাস্ত হন কোচ জাবি আলোনসো। তার বিদায়ের পরপরই নতুন কোচের নাম ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। ২০২৫ সালের জুন থেকে রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছিলেন আরবেলোয়া।
তবে কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই তিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমির সঙ্গে যুক্ত। ২০২০-২১ মৌসুমে অনূর্ধ্ব-১৪ ‘এ’ দলের কোচ হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পরের মৌসুমে অনূর্ধ্ব-১৬ এবং ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলান।
যুব দলের কোচ হিসেবে আরবেলোয়ার সাফল্য চোখে পড়ার মতো। ২০২২-২৩ মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলকে দিয়ে লিগ, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস কাপ জিতে ঐতিহাসিক ট্রেবল অর্জন করেন তিনি। এছাড়া ২০২৪-২৫ মৌসুমে দলকে লিগ শিরোপাও এনে দেন এই স্প্যানিশ কোচ।
খেলোয়াড় হিসেবেও রিয়াল মাদ্রিদের সঙ্গে আরবেলোয়ার সম্পর্ক গৌরবময়। ‘লস ব্লাঙ্কোর’ জার্সিতে তিনি ২৫৬ ম্যাচ খেলেছেন এবং জিতেছেন মোট আটটি শিরোপা, যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ।
পাশাপাশি ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন জাতীয় দলের সদস্য হিসেবেও ইতিহাস গড়েন তিনি। এ ছাড়া জাতীয় দলের হয়ে ২০২৮ ও ২০১২ সালে ইউরো জেতেনে তিনি।
এখন দেখার বিষয়, ক্লাবের ঘরের ছেলে হিসেবে পরিচিত আরবেলোয়া কতটা সফলভাবে রিয়াল মাদ্রিদের মূল দলের দায়িত্ব সামলাতে পারেন এবং সংকটময় সময়ে দলকে নতুন দিশা দেখাতে পারেন কি না।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচ হবে আগামী বুধবার। কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে তার দল মুখোমুখি হবে দ্বিতীয় স্তরের ক্লাব আলবাসেতের।