বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারের লবণ চাষিদের লবণ দিয়ে সারা বাংলাদেশ চলে। তাই লবণ চাষিদের সাথে বেঈমানী করবেন না। সরকারকে বলবো কক্সবাজার আসুন, লবণ চাষিদের সাথে কথা বলুন। লবণের ন্যয্য মুল্য নিশ্চিত করুন। তিনি বলেন অন্তর্র্বতীকালীন সরকারের কাজ হলো যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের বিবেক বলতে কিছু নেই, সংস্কার সংস্কার করে যারা নির্বাচনকে বিলম্বিত করছে তাদের উদ্দেশ্য কি, জাতি জানতে চায়। নির্বাচিত সরকার সংস্কার করবে। তাই নির্বাচনকে বিলম্বিত করার রহস্য উদঘাটন করতে হবে। উপদেষ্টাসহ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হাসিনার দোসর লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করতে হবে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে কক্সবাজার গোল চত্বর ময়দানে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত জনসভায় জেলা বিএনপির সভাপতি এড. শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটার দিকে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্বা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাবেক নারী সাংসদ রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ জনি, মাহাবুবুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, হাসিনা এখন জাতিসংঘের ঘোষিত খুনি। মানবাধিকার আদালত মামলা দায়ের করা হয়েছে। সকল মামলার বিচার হবে। জনগণ দেখবেন। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দেন এ গণহত্যার। আওয়ামী লীগ খুনির দল। তাদের বিচার এ মাটিতে হবে। বিচারের মাধ্যমে তারা রাজনীতি করতে পারবে কিনা, তা জনগণকে জানাতে হবে। ৫ আগস্ট হাজার রক্তের দাগ লাগিয়ে পলায়নের মাধ্যমে অন্তর্র্বতীকালিন সরকার এসেছে। আপনারা বসে থাকলে হবে না। আপনার উপদেষ্টাদের সরকারে, প্রশাসনে হাসিনার দোসর বসে আছে। দ্রব্য মূল্য বাড়ানোর পিছনে হাসিনার দোসরদের তাড়াতে হবে। মানুষকে স্বস্তি দেন। রমজানে ক্রয় সীমার মধ্যে সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্হা করেন।
তিনি আরো বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। কোনো বাহানায় নির্বাচন বিলম্বিত করা যাবে না। যারা স্হানীয় নির্বাচন আগে চায় তাদের ভাষা বুঝি না। সাংবিধানিক এখতিয়ার মোতাবেক কাজ করতে হবে বলে জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ