আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় নাম লেগ স্পিনার সন্দীপ লামিচানে, যিনি বরাবরের মতোই নেপালের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের প্রধান অস্ত্র লামিচানে। ২০২৫ সালে তিনি ১০ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন মাত্র ১০.২৩ গড়ে।
সব মিলিয়ে নেপালের হয়ে ৬৮ টি-টোয়েন্টিতে তার শিকার ১২৯ উইকেট, গড় ১২.১৪ ও ইকোনমি রেট ছয়ের সামান্য ওপরে, যা তাকে বিশ্ব ক্রিকেটে অন্যতম কার্যকর স্পিনারে পরিণত করেছে।
একসময় আলোচিত আইনি জটিলতায় পড়লেও আপিল আদালতে খালাস পাওয়ার পর লামিচানে আবার জাতীয় দলে নিয়মিত হয়েছেন। ২০২৪ বিশ্বকাপে খেলার পর এবারও বিশ্বমঞ্চে নেপালের বড় ভরসা তিনি।
নেপাল দলকে নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার রোহিত পাউডেল।
২৩ বছর বয়সী এই অধিনায়ক শান্ত ও কৌশলী নেতৃত্বের জন্য পরিচিত। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।
স্পিন বিভাগে লামিচানেকে সহায়তা করবেন বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী। পাশাপাশি দীপেন্দ্র সিং আইরি ও বাসির আহমাদ অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে থাকছেন।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন সোমপাল কামি ও করণ কেসি।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে আক্রমণাত্মক ভূমিকায় থাকবেন কুশল ভুর্তেল। উইকেটকিপার-ব্যাটার আসিফ শেখ দলের ব্যাটিংয়ে স্থিরতা ও গ্লাভস হাতে নির্ভরতা যোগ করবেন। মিডল অর্ডারে লোকেশ বাম, সুন্দরীপ জোড়া ও নন্দন যাদব ব্যাটিং গভীরতা বাড়াবেন।
নেপাল স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬)
রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি (সহ-অধিনায়ক), সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দরীপ জোড়া, আরিফ শেখ, বাসির আহমাদ, সোমপাল কামি, করণ কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।