ধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে, তার স্পষ্ট হিসাব নেই। উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে। রোববার (৮ নভেম্বর) দিনব্যাপী খোঁজ নিয়ে মিলেছে এমনই তথ্য।
অথচ চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি, বাজারদর পর্যবেক্ষণ এবং খাদ্যশস্যের মজুত ব্যবস্থাপনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ ৯৬ হাজার ৪১৬ টন। চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২১ লাখ ৭ হাজার ৩৫২ টন। ভাসমান মজুতসহ এর পরিমাণ ২১ লাখ ১৭ হাজার ৩১৬ টন। এত মজুতের মধ্যেও খুচরা বাজারে চালের উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে দামের ব্যবধান নতুন করে প্রশ্ন তুলছে।
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু জাতের ধানের দাম মণপ্রতি ১০০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের দামে। মাঝারি চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চালের দামও ঊর্ধ্বমুখী। শুধু ধানের মূল্যবৃদ্ধি নয়; বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখাচ্ছেন মিলমালিক ও ব্যবসায়ীরা।
শেরপুরের ব্যবসায়ীদের দেওয়া তথ্য বলছে, এক মাস আগে মাঝারি চালের কেজি ছিল ৪৫-৪৬ টাকা। বর্তমানে তা মানভেদে ৫০-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। সরু কাটারি চালের দাম আগে ছিল ৭৫-৭৬ টাকা। বর্তমানে মিল পর্যায়ে তা ৭৮-৭৯ টাকায় উঠেছে। খুচরা বাজারে একই ধরনের চাল কিনতে হচ্ছে ৮৪-৮৫ টাকায়।
ব্যবসায়ীদের হিসাবে, মাঝারি চাল মিলগেটের তুলনায় খুচরা পর্যায়ে কেজিতে ৪-৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরু চালের ক্ষেত্রে এই ব্যবধান ৫-৮ টাকা পর্যন্ত। অর্থাৎ ৩০ কেজির এক বস্তা চাল কিনতে মিলগেট ও খুচরা বাজারের দামের ব্যবধান দাঁড়াচ্ছে ১২০-২৪০ টাকা।
একজন ক্রেতা মাসে ৩০ কেজি চাল কিনলে শুধু এই মূল্য ব্যবধানের সমপরিমাণ অর্থই তাকে বেশি গুনতে হয়। তবে দামের এই পার্থক্যের পুরোটাই ব্যবসায়ীর লাভ নয়। এর মধ্যে পরিবহন, শ্রমিক, বস্তা, দোকানভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় রয়েছে।