শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ভূমি অফিসের এক নায়েবসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
এর মধ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ষাটকাকড়া নামক এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলারোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহতরা উভয়ে কলেজ ছাত্র ছিলেন।
এরা হচ্ছে শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।
পুলিশ জানায়, ২ ডিসেম্বর সন্ধায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে আসে। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী। আহত হয় ৯ বছর বয়সের আবু হানিফ নামে অপর এক শিশু। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে একই সময়ে জেলা সদরের ভাতশালা থেকে মোটরসাইকেল যোগে শহরের নওহাটার বাসায় ফেরার পথে নবীনগরে একটি ইট বুঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন গাজিরখামার ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফারুক হোসেন। তাকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ নেয়ার পথেই শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।