মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সিলেট ললিতকলা একাডেমির অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ শিক্ষার্থীর হাতে এই সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী বলেন, “শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা জাতির মানসিক ও নৈতিক ভিত শক্তিশালী করে। সংগীত ও নৃত্যের মতো শিল্পকলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও মানবিকতা গড়ে তোলে।” তিনি সাংস্কৃতিক শিক্ষাকে আলোকিত সমাজ নির্মাণের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত সেন।
আদর্শ সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ করুণাময় দাশ জানান, সংগীত, তবলা, নৃত্য ও চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের লক্ষে এই আয়োজন। সনদ বিতরণের পাশাপাশি কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।