সচিবালয়ে গভীররাতে অগ্নিকান্ড নাশকতা না কি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হয়নি তদন্ত কমিটি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্তের পর বলা যাবে। এখনই কোনও কিছু বলার সুযোগ নেই। তদন্ত চলছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে যোগ করেন তিনি।
এরআগে বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে সদস্য সচিব করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আট সদস্যের এই কমিটি গঠনের তথ্য এক অফিস আদেশে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির অন্য সদস্যরা হলেন আইজিপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান।
গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আগুন ৭ নম্বর ভবনে আগুন লাগে। সাত নম্বর ভবনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।