ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করছে, কীভাবে দেশকে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তা ছাড়া রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। এনসিপি আহ্বায়ক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে ওনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি।
নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি। এদিকে : সংবিধান সংস্কার কমিটিকে ‘এক দলীয়’ বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবির কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আমরা বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতিক সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, আপনারা জানেন যে, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এই বিষয়ে কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।
এছাড়া ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।