নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের শফিকুল ইসলাম ও আলোকিত বাংলাদেশের পারভেজের ওপর মাসুদুর রহমান বাহিনীর হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ৩০০ সাংবাদিক ও কয়েকশো জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এসময় সাংবাদিকরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। যদি এই সময়ের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার না করা হয় তবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচীতে বক্তারা বলেন, কাইল্লা মাসুদ রূপগঞ্জের ত্রাস হয়ে উঠেছে। তার বিশাল অস্ত্রধারী বাহিনী রয়েছে, যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি জবরদখল সহ নানা অপকর্মে জড়িত। ছাত্রদলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদেরও ক্ষোভ রয়েছে। বক্তারা দ্রুত কাইল্লা মাসুদ ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানান।
রূপগঞ্জের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, কলামিস্ট ফোরামের মহাসচিব ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক মীর আব্দুল আলীম, ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন, বাংলাভিশন ও ইনকিলাবের খলিল সিকদার, মাইটিভির মকবুল হোসেন, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালের কন্ঠের রাসেল আহমেদ, সংবাদের আড়াইহাজারের সাংবাদিক হারাধন চন্দ্র দে, নয়াদিগন্তের শফিকুল ইসলাম মামুন, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের মাহবুব মনি, রাসেল মাহমুদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ রুপান্তরের আতাউর রহমান সানি, দৈনিক বায়ান্নর সাইদুর রহমান সহ অনেক সাংবাদিক।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার ও ডেমরা-ঢাকা প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি এলাকার বিভিন্ন অংশের কয়েক’শ বাসিন্দাও অংশগ্রহণ করেন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, তারা আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, এবং তাদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের প্রতি আমাদের আন্তরিকতা রয়েছে। অভিযানে গতি আনা হয়েছে, এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে