নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শেখ মোহাম্মদ ইলিয়াস। তিনি শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ইমাম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন—শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবু বকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজিচালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ ব্লাস্ট/বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেন। এতে সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।