আধুনিক জীবনযাপন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে আমাদের স্বাস্থ্যের বারোটা বাজছে দিন দিন। এর ফলে বাড়ছে স্থূলতাসহ নানা রোগ-ব্যাধি। আর এই সময়ে অনেকে আবার স্বাস্থ্য সচেতন। তারা খাবারে শর্করার মাত্রা কমাতে ভাত-রুটি বাদ দিয়ে সালাদ খেয়ে থাকেন।
তাই কয়েকটি সালাদের রেসিপি নিয়ে আজকের আয়োজন। চলুন, জেনে নেওয়া যাক—
অ্যাভোকাডো-টোফু স্যালাড উপকরণ : অ্যাভোকাডো ১টি, টোফু ১/২ কাপ, চেরি টমেটো ৫-৬টি, লেটুস পাতা ৪-৫টি, শসা ১/২টি, অলিভ অয়েল ১ টেবিল চামচ, সয়া সস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ ও গোলমরিচ—স্বাদমতো এবং সাদা তিল—সামান্য
প্রণালী : টোফু কেটে সামান্য অলিভ অয়েলে সোনালি করে ভেজে নিন। অ্যাভোকাডো চৌকো আকারে এবং চেরি টমেটো অর্ধেক করে এবং শসা কেটে রাখুন। একটি বড় বাটিতে লেটুস, অ্যাভোকাডো, টমেটো ও শসা দিন।
এরপর ভাজা টোফু যোগ করুন।
এবার আলাদা ছোট বাটিতে অলিভ অয়েল, সয়া সস, লেবুর রস, লবণ ও গোলমরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। ড্রেসিং সালাদের ওপর ঢেলে হালকা হাতে মিশিয়ে দিন। ওপরে তিল ছিটিয়ে পরিবেশন করুন।
রোস্টেড সুইট পটেটো ও পিনাট সালাদ
উপকরণ : মিষ্টি আলু ২টি, ভাজা চিনাবাদাম ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ এবং অলিভ অয়েল ১ চা চামচ।
প্রণালী : মিষ্টি আলু খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিন। এবার তাতে সামান্য তেল, লবণ ও চিলি ফ্লেক্স মাখিয়ে ওভেনে ১৫ মিনিট রোস্ট করুন। ওভেন না থাকলে প্যানে হালকা ভেজে নিতে হবে। ঠাণ্ডা হলে বাটিতে তুলে ভাজা চিনাবাদাম, পেঁয়াজ ও ধনেপাতা দিন।