ঢাকা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপাচার্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা।

 

এদিকে দিবসটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমূহেও যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর পরিচালকদের নেতৃত্বে বিভাগীয় শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

এছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্র সমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোতেও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

 

মহান স্বাধীনতা দিবসের এ সকল কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

 



সম্পর্কিত খবর