বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায়, আমাদের অঙ্গীকার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন "স্বৈরাচার ঘাতক নির্মূল কমিটি"।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের কিয়াংসি চাইনিজ এন্ড পার্টি সেন্টারে নতুন এই সংগঠনটি আত্মপ্রকাশ করে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ গুলনার ইভাকে চেয়ারম্যান ও গোলাম মুক্তাদির আলভী এবং অভিনেত্রী রিনা খানকে ভাইস প্রেসিডেন্ট করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের আংশিক কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন এম. সায়েম উদ্দিন সিয়াম, মহাসচিব মোহাম্মদ আলী রিন্টু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম পলাশ। এ সময় অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে হবে বলে জানায় সংগঠনটি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন সংগঠনের চেয়ারম্যান নাহিদ গুলার ইভা বলেন, আমরা আজকে এখানে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছি। আমাদের এই নতুন যাত্রা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। নতুন এই সংগঠনের মাধ্যমে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক-স্বাধীনতা, ঐচ্ছিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, মানসিক স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে স্বৈরাচার গোষ্ঠীর সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণে দাবি জানাবে সংগঠনটি। সামাজিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নৈতিক ও আদর্শিক পরিবর্তন ঘটানোর মাধ্যমেই আমাদের সংগঠন পূর্ণতা লাভ করবে।
নতুন এই সংগঠনের নেতাকর্মীরা বলেন, জুলাই বিপ্লব আমাদের সামনে এক নতুন দিগন্ত উম্মোচন করে দিয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হবে। 'সকল তরুণ যোদ্ধা, যাঁরা জীবন দিয়েছেন, তাঁরা শহীদের মর্যাদা এবং যাঁরা বেঁচে আছেন, তাঁরা তাঁদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা সহ স্বৈরাচারী কে নির্মূল করতে হবে।
বায়ান্ন/আরএস