দুর্দান্ত ছন্দে আছেন অ্যাডাম রসিংটন। বিপিএলে টানা তৃতীয় ফিফটি পেয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। তার হ্যাটট্রিক ফিফটিতে আগে ব্যাট করে ১৬৯ রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। ওপেনিংয়ে নেমে আজ ৫৮ রানের ইনিংস খেলেছেন রসিংটন। ১৪১.৪৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ২২ রানে আউট হন সর্বশেষ দুই ম্যাচে দুই ফিফটি করা নাঈম শেখ। আজ ৩ চারে করেন ১৬ রান।
পরে দ্রুত ফেরেন মাহমুদুল হাসান জয়ও (১২)। তবে তৃতীয় উইকেটে হাসান নওয়াজের সঙ্গে দারুণ এক জুটি গড়েন রসিংটন। ৮২ রান যোগ করেন দুজনে। রসিংটন আউট হওয়ার পর ৬ রানের ব্যবধানে দ্রুত আরো দুই উইকেট হারায় চট্টগ্রাম।
বিপিএলে প্রথম খেলতে নেমে ৪৬ রানের ইনিংস খেলে দলের সংগ্রহে অবদান রাখেন পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজ।
ষষ্ঠ উইকেটে ১৭ বলে অবিচ্ছেদ্য ৩৩ রানের ঝোড়ো জুটি গড়ে ফিনিশিংটা টানেন আমের জামাল ও শেখ মেহেদী। পাকিস্তানের পেসার জামালের ১৯ রানের বিপরীতে ১৩ রান করেন অধিনায়ক মেহেদী। রংপুরের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নেন দুই বাঁহাতি পেসার আকিভ জাভেদ ও মুস্তাফিজুর রহমান।