ফুটবল ক্যারিয়ারে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চোটের বাধা না এলে তিনি নিশ্চিতভাবেই সেই লক্ষ্যে পৌঁছাবেন।
রবিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর রোনালদো বলেন, ‘আমি অবশ্যই ওই সংখ্যায় (১,০০০ গোল) পৌঁছাব, যদি কোনো ইনজুরি না হয়।’
এর আগে শনিবার সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা বাড়িয়ে ৯৫৬-এ নিয়ে যান রোনালদো।
এই গোলসংখ্যার মধ্যে রয়েছে পর্তুগালের জার্সিতে করা তার রেকর্ড ১৪৩টি আন্তর্জাতিক গোল, যা পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।
আগামী বছরের ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে পর্তুগাল দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে রোনালদোর। বিশ্বকাপ শুরু হলে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার তখন ৪১ বছরে পা দেবেন।
পুরস্কার গ্রহণের মঞ্চে রোনালদো আরো বলেন, ‘আমি এখনো দারুণভাবে অনুপ্রাণিত।
আমি কোথায় খেলি, মধ্যপ্রাচ্য বা ইউরোপ, তা কোনো বিষয় নয়। আমি ফুটবল খেলতে ভালোবাসি, ট্রফি জিততে চাই, গোল করতে চাই এবং এগিয়ে যেতে চাই।’
তিনি যোগ করেন, ‘তোমরা জানো আমার লক্ষ্য কী। আমি আরো ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যায় পৌঁছাতে চাই, যেটা তোমরা সবাই জানো।
’
রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি বড় শিরোপার ঘাটতি এখনো রয়ে গেছে। আর সেটি হচ্ছে বিশ্বকাপ। তবে তিনি ইতোমধ্যেই ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে দেশকে গৌরব এনে দিয়েছেন। এবার লক্ষ্য আরো বড়, ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের ক্লাবে নাম লেখানো।