খুলনা

১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া শিশুটি বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় প্রতিবেশী চাচা সম্পর্কের মকছেদ আলী শিশুকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে মহিষা গ্রামের এক ব্যক্তির ঘেরের পূর্ব পাশের পাড়ে নিয়ে পোশাক খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। তখন শিশুটি কান্নাকাটি করতে থাকলে আসামি তার হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী খালাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।

মেয়ের মুখে বিস্তারিত শুনে তার বাবা বাদী হয়ে বুধবার আইনি সহায়তা পাওয়ার জন্য শার্শা থানায় একটি এজাহার দাখিল করেন। পরে সেটি নিয়মিত মামলা হিসেবে গৃহীত হয়।

ওসি জানান, এজাহারের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা থানার মহিষা এলাকা থেকে আসামি মকছেদ আলীকে আটক করা হয়েছে এবং শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

 


সম্পর্কিত খবর