খুলনা

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মঙ্গলবার বিকেলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বেনাপোলের রাজপথ মুখর হয়ে ওঠে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বেনাপোল হাইস্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালিটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর শপিং সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে আবু তাহের ভারত বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস গৌরবের। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে দলের নানা সংকটকালে বেগম খালেদা জিয়া নেতৃত্ব গ্রহণ করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির নেতাকর্মীরা নানা আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে গেছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তাঁর ত্যাগ ও সংগ্রাম নেতাকর্মীদের প্রেরণা জোগায়।

তিনি বলেন, দীর্ঘ ৪৮ বছরের পথচলায় বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে দলটি আজকের অবস্থানে পৌঁছেছে। আগামী দিনেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন।

সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, মো. শাহাবুদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আখতারুজ্জামান, নাসিমুল গনী বল্টু ও আবদার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ ও আমিরুল ইসলাম বাবু এবং অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সামাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্যসচিব ইশতিয়াক শাওনসহ নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 


সম্পর্কিত খবর