জাতীয়

‎জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা।‎

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিলেন।’ ‎রিজভী বলেন, ‘জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি। যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি। যে কোনো আন্দোলন-সংগ্রামেও তিনি প্রধান অনুপ্রেরণা।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান- নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়াতে শেখায়।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জাতীয় কবিকে স্মরণ করে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। কবি নজরুলের সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ই হোক তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।’

 

‎তিনি বলেন, ‘নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তার আদর্শ নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। ’

 



সম্পর্কিত খবর