ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, “৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। টানা তিনদিন সরকারবিহীন দেশ ইতিহাসে এই প্রথম। ওই সময় সরকারি কর্মকর্তারাই দেশকে টেনে নিয়েছেন।”
তিনি বলেন, “বর্তমানে অনেক চ্যালেঞ্জের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলো ঠিকভাবে সক্রিয় নয়, অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান পর্যন্ত নেই। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। সামনে নির্বাচন হলে সেখানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মানুষের যে প্রত্যাশা, তা পূরণে সচেষ্ট থাকতে হবে।”
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দিনব্যাপী নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সকালে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, “রায়পুরা একটি বড় উপজেলা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে ভয়াবহ রূপ নেয়। ভূগোলগতভাবে বড় এলাকা হওয়ায় দ্রুত প্রশাসনিক সাড়া দেওয়া সম্ভব হয় না। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি নতুন পুলিশ থানা গঠনের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি নতুন থানাটি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত হবে।”
পরিদর্শনকালে তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন—নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, পৌর সচিব মনিরুল হক, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, পুলিশ সদস্যসহ আরও অনেকে।