খুলনা

আখের মূল্যবৃদ্ধি, বাড়ছে আখচাষ মোবারকগঞ্জ সুগার মিলে রোপণ মৌসুমের উদ্বোধন

ঝিনাইদহের ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রোপণ মৌসুমের উদ্বোধন উপলক্ষে এসটিপি পদ্ধতিতে আখচাষ ও আগাম আখচাষ বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিলগেট এলাকার পুকুরিয়ার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মো. খলিল। এদিন করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ রাজশাহী চিনিকল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৯টি সুগার মিল এলাকায় একযোগে আখ রোপণ উদ্বোধন করেন। মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এন এম জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মণ্ডল। মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও আখচাষি মাজেদুর রহমান।

মোচিক মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ রোপণ মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উদ্বোধন করা হয়। এছাড়া আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় দণ্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এ পরিমাণ আখ দিয়ে প্রায় দুই মাস মিল চালানো সম্ভব হবে।

এদিকে আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতি মন আখের মূল্য ধরা হয়েছে ২৬০.৪০ টাকা। গত মাড়াই মৌসুমে আখের মন ছিল ২৫০ টাকা।

বিগত বছরগুলোতে নানা প্রতিকূল পরিবেশ ও অল্প সময়ে ফুল-ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছিল আখচাষ। তবে গত কয়েক বছর পর্যায়ক্রমে মূল্যবৃদ্ধির ফলে আখচাষে ফিরছেন কৃষকরা। চলতি মৌসুমে আবারও আখের দাম বৃদ্ধি করায় খুশি আখচাষিরা। এছাড়া গত মৌসুম থেকে আখ মিলে দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করা হয়েছে। এবারও একইভাবে কৃষকদের টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

 


সম্পর্কিত খবর