পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা, এলাকার অপরাধমূলক কাজের সংবাদ প্রদান এবং অপরাধ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করার স্বীকৃতিস্বরূপ গ্রাম পুলিশদের সম্মাননা প্রদান করা হয়েছে।
৯ নভেম্বর সকালে পঞ্চগড় পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত পুলিশের কল্যাণ সভায় এই সম্মাননা দেওয়া হয়। সভায় অপরাধ নির্মূল ও তথ্য দিয়ে সহায়তার স্বীকৃতি হিসেবে জেলার পাঁচ থানার পাঁচজন গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুলিশ সুপার আবু সায়েম গ্রাম পুলিশদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় তিনি গ্রাম পুলিশদের আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার এবং পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যরা।