খুলনা

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: বসুন্ধরা ঝিনাইদহ গ্যাস ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ‘গ্যাস ঘর’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ ও মজুত থাকা সিলিন্ডারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, কালীগঞ্জে ১২ কেজির বসুন্ধরা গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি সিলিন্ডারে ৪০০ টাকা বেশি অর্থাৎ ২৪০০ টাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছিল, যা ছিল রসিদবিহীন।

এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে পেরে কালীগঞ্জ মহিলা কলেজ গেট এলাকায় বসুন্ধরা কোম্পানির গ্যাসভর্তি একটি ট্রাক আটক করেন এবং তাৎক্ষণিকভাবে জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এর এক ঘণ্টা পর প্রশাসনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ঝিনাইদহের বসুন্ধরা গ্যাস ডিলার ‘গ্যাস ঘর’ নামক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নয়ন গ্যাস ঘর, নেছা গ্যাস ঘর এবং জেসমিন গ্যাস ঘরসহ মোট চারটি দোকানে থাকা ৬০টি ১২ কেজি ভরা সিলিন্ডার দ্রুত ভোক্তাদের কাছে সরকারের নির্ধারিত মূল্য ২,০৬০ টাকা দরে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সাধারণ ক্রেতা ও ভোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 


সম্পর্কিত খবর