প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচন করবে। দলের ভিতর থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। বিএনপি করলে অবশ্যই দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। রবিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ খান আরও বলেন, সরকারি অফিসের কর্মকর্তাদের সেবা প্রদানে সাধারণ মানুষের সাথে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ উপজেলার সকল সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে ইউএনওকে নির্দেশ দেন। তবে, কেউ যদি হিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগের আশ্রয় নেয়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারিভাবে নিজ জেলায় সফরের অংশ হিসেবে মতবিনিময়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে রাশেদ খান আরও বলেন, এলাকার উন্নয়নে বিরোধী দল স্থানীয় জামায়াতের সাথে তাদের কোনো বিরোধ থাকবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সকলেই একজোট হয়ে কাজ করবেন। তিনি বলেন, এ আসনে তাঁকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দলীয় কোন্দলের কারণে তিনি পরাজিত হয়েছিলেন। এতে স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যেসকল নেতা-কর্মী ভুল করেছিলেন তাঁরা ফিরে এসে দলের জন্য কাজ করবেন। দল গোছাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময়ে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন প্রমুখ। এ ছাড়া সভায় মোবারকগঞ্জ চিনিকলের এমডি আ ন ম জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন মোল্লা, মশিয়ার রহমান এবং যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।