দুই মাসের বিরতির পর ভোলার নদীতে আবারও ধরা পড়ছে রুপালি ইলিশ। জেলেদের জালে মাছ উঠতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে, তবে স্থানীয় বাজারে এর সুফল পাচ্ছেন না ক্রেতারা, কারণ দাম এখনো চড়া। মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা শুরু হওয়ায় ভোলার মৎস্য ঘাটগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলেরা প্রতিদিন নদীতে জাল ফেলছেন, আর ঘাট জুড়ে চলছে মাছ কেনাবেচার ব্যস্ততা।
তবে জেলেদের ভাষ্য, আগের তুলনায় এখনো মাছের পরিমাণ কিছুটা কম।
স্থানীয় জেলে মনির, সাজাহান ও লোকমান জানান, নিষেধাজ্ঞা শেষে নদীতে নামলেও প্রত্যাশিত পরিমাণ মাছ মিলছে না।
তবুও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।
এদিকে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি।
ক্রেতাদের অভিযোগ, বাজারে মাছ থাকলেও উচ্চমূল্যের কারণে অনেকেই কিনতে পারছেন না। তাদের দাবি, বাজারে একটি সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না।
ক্রেতা আব্বাস উদ্দিন, নাছির উদ্দিন ও সাফিজল বলেন, ইলিশের জন্য বিখ্যাত ভোলাতেই আমরা ইলিশ কিনতে পারছি না, দাম অনেক বেশি।
অন্যদিকে বিক্রেতাদের দাবি, তারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। কারণ ভোলার ঘাট থেকে অধিকাংশ মাছ চলে যাচ্ছে ঢাকাসহ বড় বড় মোকামে। ফলে খুচরা বাজারে দাম বেশি রাখতে হচ্ছে।
এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাবের ভোলা জেলা সভাপতি মো. সুলাইমান বলেন, বাজারে সিন্ডিকেট ভেঙে দিতে পারলেই দাম নিয়ন্ত্রণে আসবে। তিনি অভিযোগ করেন, ভোলার ইলিশ ঢাকায় তুলনামূলক কম দামে বিক্রি হলেও স্থানীয় বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।
তবে দ্রুতই বাজারে ইলিশের দাম স্বাভাবিক হবে, এমনটাই আশা করছেন স্থানীয় ভোক্তারা।