রাজনীতি

এবার ঢাকা-আখাউড়া লং মার্চ করার সিদ্ধান্ত বিএনপির সহযোগী ৩ সংগঠনের

ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। 

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির তিনটি সংগঠন একযোগে লং মার্চের কর্মসূচি দেবে। আগামী বুধবার তারা ঢাকা থেকে লং মার্চ শুরু করবে। আগরতলার এ পাড়ে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শেষে এমনটাই জানিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা।

জানা গেছে, লং মার্চের ডাক দেওয়া বিএনপির সহযোগী ৩ সংগঠন আজ অথবা কাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে।

নেতারা জানান, শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

কর্মসূচির শুরু হবে ঢাকার নয়াপল্টন থেকে। সেখান থেকে গাড়ি বহর নিয়ে নেতাকর্মীরা আখাউড়ার উদ্দেশ্যে রওনা হবেন। পথে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। আখাউড়ায় একটি সমাবেশ আয়োজন করা হবে, যেখানে নেতারা বক্তব্য দেবেন।

বায়ান্ন/আরএইচ/একে

 



সম্পর্কিত খবর