বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে জনবল নিয়োগের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর মাসে জারি হওয়া নীতিমালা অনুসরণ করে সকল নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
মাউশির সহকারী পরিচালক (বেসরকারি কলেজ) মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, "বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজ এর প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"
নীতিমালাটি মেনে এখন থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষক ছাড়া অন্য জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।