দেশের খবর

এসএসসি ও সমমান: সমসাময়িক ভাবনা

আসছে ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিবে। এ উপলক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কারণ- পরীক্ষা চলাকালীন যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। এখানে একটি কথা না বললেই নয়, তা হলো- কোচিং সেন্টারগুলো পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস করে। কখনো বা ভূয়া সাজেশন বিক্রি করে। অর্থাৎ অনেক ক্ষেত্রে ভুলভাল প্রশ্নপত্র ও ভূয়া সাজেশনের মাধ্যমে প্রতারণাও করে থাকে। যদি তাই হয়, তাহলে শুধু কি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টারগুলো বন্ধ রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে? এ বিষয়ে অবশ্যই গভীরভাবে ভেবে দেখা উচিত। পাশাপাশি অধিকতর কার্যকর পদক্ষেপ নেয়াও জরুরি। এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ও অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না মর্মে নির্দেশনা আছে। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট সুবিধাবিহীন একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এতে স্পষ্ট বুঝা যায়, মোবাইল ফোনের মাধ্যমেও অনৈতিক সুবিধা গ্রহণ/প্রদান করা যায়। যাতে তা না হয়, সে জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করা যায়, এ ব্যবস্থার পুরোপুরি বাস্তবায়ন হবে। তাহলেই অনৈতিক সুবিধা আদান-প্রদান থেকে কেন্দ্র মুক্ত থাকবে। আমাদের ভুলে গেলে চলবে না যে, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিই উত্তম। পাশাপাশি সরকার পরীক্ষা সংক্রান্ত যে কোন অনিয়ম ও দুর্নীতি বা এর সহযোগিতাকারীকে আইনের আওতায় আনার ব্যবস্থা নিয়েছে। অপরাধের ধরন অনুযায়ী যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। সবচেয়ে যেটা বেশি দরকার, সেটা হলো- পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা। কথায় আছে- ইচ্ছা থাকলে উপায় হয়। অন্যথায় সব বিফলে যাবে। তাই সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে সকলকেই এগিয়ে আসতে হবে।



সম্পর্কিত খবর