ঢাকা

ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু ও সদস্যসচিব টুকু

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের মোট ৮৯ জন নেতা।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুস সালাম পিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আফরোজা খানম রিতা, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, অনিন্দ্য ইসলাম অমিত, আফরোজা আব্বাস, কৃষিবিদ হাসান জাফির তুহিন, এস এম জিলানী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নুরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতা।

জাতীয় কমিটির একাধিক সদস্য জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা ও মাজার জিয়ারতসহ নানা আয়োজন।

আগামী ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই জননেতা সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন সোচ্চার। তিনি মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।

 


সম্পর্কিত খবর