রোববার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বগারপাড় উচ্চ বিদ্যালয়ে কতিপয় বহিরাগত লোক ঢুকে। তার পর ২-৩ জন শিক্ষককে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে তালা দেয়। অত:পর তাদের নিকট ১০ লাখ টাকা দাবি করে। কিছু দিন আগে ওই বিদ্যালয়ে লোক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ বাণিজ্যের গন্ধ এখনো ওড়ছে সেখানকার বাতাসে। আর সময় এসেছে এখন নতুন নেতৃত্বের। সম্ভবত সে জন্যই টাকা দাবির বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি তাদের নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়ারও জোর চেষ্টা চালায় তারা। শিক্ষকদের প্রবল আপত্তিতে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অবশ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক ও একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধান শিক্ষক গোলজার হোসেন চিকিৎসার জন্য দেশের বাহিরে (ভারতে) আছেন বলে জানা গেছে। ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম মানিক এর সাথে কথা বলে জানা গেছে, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য মঙ্গলবার বসার কথা হয়েছে। একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগও একই কথা জানান। উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েকজন আওয়ামীলীগ নেতার হস্তক্ষেপে মঙ্গলবার বসার পরিবেশ করা হয়েছে। স্থানীয়রা জানান, বহিরাগতরা সরিষাবাড়ীর এক প্রভাবশালী জনপ্রতিনিধির লোক। শিক্ষা সচেতন মহল শিক্ষাঙ্গনে এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির উদ্ভব না হয়, সে জন্য শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সুনজর কামনা করছে।