ঝিনাইদহের কালীগঞ্জে ২৫ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তির মাঝে সরকারি নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের কলাহাটা রোডে সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব অনুদানের এসব চেক বিতরণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ২ লাখ ৫০ হাজার টাকা ২৫ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গফফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।