ভোটের আগেই গুঞ্জন ছিলো চাউলের দাম বৃদ্ধি পাবে। ভোট শেষে নতুন সরকারের প্রথমদিনেই কুষ্টিয়ার বাজারে কেজি প্রতি চাউলে বেড়েছে ৪-৫ টাকা।
দেশের দ্বিতীয় সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ার রাজানগর। এখানকার সকল মোকামে বেড়েছে সব ধরনের চালের দাম। গত কয়েকদিনে খুচরা বাজারে প্রায় সব রকম চাউলে কেজি প্রতি বেড়েছে ৪-৫ টাকা। চলতি আমন মৌসুম শেষ না হতেই কয়েক দফায় বাড়লে চাউলে দাম। গত কয়েক সপ্তাহে কয়েক দফা দাম বৃদ্ধিতে খুচরা বিক্রেতারা মিল মালিকদের দোষ দিলেও মিল মালিকরা তা শিকার না করে খুচরা বিক্রেতার উপর দোষ চাপিয়ে আসছিল। তবে এবার মিলগেটে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। কয়েকজন মিল মালিক জানান ধানের দাম প্রতিদিন কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে। সেই হিসেবে চাউলের দাম বেশি বৃদ্ধি পাইনি। মিলগেটে কেজিতে দুই থেকে আড়াই টাকা বৃদ্ধি করা হয়েছে। অনিয়ন্ত্রিত ভাবে ধানের বাজার বৃদ্ধি পাওয়ার বিষয়টি সরকারের নজরদারি করা উচিত। রাজনৈতিক অস্থিতিশীলতা, পরিবহন ভাড়া বৃদ্ধি, হরতাল অবরোধ সহ নানা অজুহাতে কুষ্টিয়ার বাজারে সেপ্টেম্বর ও অক্টোবর চাউলের দাম একবার বৃদ্ধি পেয়েছিল। এরপর নভেম্বর ডিসেম্বর মাসে বস্তপতি কিছুটা বৃদ্ধি পেয়েছিল। জানুয়ারীর মাঝামাঝি এসে চাউলের দাম চার থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেল। এটা অস্বাভাবিক বলে মনে করছেন সাধারণত মানুষ।
কুষ্টিয়া শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাসমতি বছরের শুরুতে ৭০-৭১ টাকা বিক্রি হলেও এখন ৭৫ টাকা কেজি। ৬২ টাকার মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৬৬-৬৭ টাকায়। কয়েক দিন আগেও ৫৫ টাকায় বিক্রি হওয়া কাজললতা চাল এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মোটা চাল কেজিতে ৪-৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা।
চাউলের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে কাস্টমস মোড় এলাকার চাউল ব্যবসায়ী মীর সিরাজুল ইসলাম জানান, পূর্ব ঘোষণা দিয়েই মিল মালিকরা দাম বাড়িয়ে দিয়েছে। মিল গেটে এখন সকল চাউলের উপর ২-৪ টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে পরিবহন খরচ,কুলি সহ সকল খরচ বৃদ্ধি পেয়েছে। বেশি দামে মোকাম থেকে চাল কিনতে হচ্ছে। ক'দিন আগে কাজললতা চাল ৫৬ টাকায় বিক্রি করেছেন, সেটি এখন ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
আলু, পিয়াজ, রসুন সহ অন্যান্য শীতের সবজির দাম এখনো চড়া। অন্যান্য নিত্যপণ্যেও স্বস্তি নেই। এর মধ্যে বারবার চালের দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠছে। চাউল কিনতে আসা মিনারুল শেখ অভিযোগ করেন, ব্যবসায়ী ও মিলমালিকেরা বরাবরের মতো আবার সিন্ডিকেট করে চাউল মজুত রেখে দাম বাড়াচ্ছে। প্রশাসন চাইলে ইচ্ছেমতো দাম বাড়ানোর এই প্রবণতা ঠেকিয়ে দিতে পারে বলে মনে করেন তাঁরা। বেসরকারী চাকুরীজীবি ইয়ার আলী জানান, প্যাকেট জাতদ্রব্যের দাম প্রতিসপ্তাহে বৃদ্ধি পাচ্ছে আর চাউল দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সরকার যতই গল্প শোনাক আমাদের আয় কোন ভাবেই বৃদ্ধি পাচ্ছে না। অল্প এ আয়ে এই দেশে বেঁচে থাকা বড্ড কঠিন।
চালের দাম বাড়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, ডিসেম্বর থেকে ধানের দাম প্রতিনিয়তই বাড়ছে। ধানের দাম প্রতি মণে ১৮০ থেকে ২০০ টাকা বেড়েছে। মণ প্রতি মিনিকেট যে ধান আগে কিনেছিলেন ১ হাজার ৪২০ টাকা মণ, সেই ধান এখন কিনতে হচ্ছে ১ হাজার ৬৮০ টাকায়। সরকার যখন আমন মৌসুমে চাল সংগ্রহের ঘোষণা দিয়েছিল, তখন নতুন ধান ৯৮০ থেকে ১ হাজার টাকা মণ কেনা হয়। সেই ধান এখন ১ হাজার ৮০ টাকায় কিনতে হচ্ছে।
তিনি বলেন, চলতি মৌসুমে চার প্রকার ধান উঠেছে। মোটা হাইব্রিড, স্বর্ণা, ধানি গোল্ড ও বিনা–৭। নভেম্বরের শেষের দিকে এই ধান উঠলেও ডিসেম্বরে এসে দাম বেড়ে গেছে।
জয়নাল আবেদীন বলেন, ধানের দামের বৃদ্ধির কারণে মোকাম থেকেই চালের দাম কেজিতে দুই থেকে আড়াই টাকা বেড়েছে। ধানের বাজার যে মণপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা বাড়ল সেদিকেও সরকারকে নজর দেওয়ার দাবি জানান তিনি। বাজার নিয়ন্ত্রণকারীরা বলছেন, অতিরিক্ত মুনাফা করে কেউ দাম বাড়াচ্ছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা।
দেশ এগ্রোর মালিক এম এ খালেক জানান, ধানের কোন ঘাটতি নেই। প্রচুর ধান চাউল মজুদ আছে। এই মুহূর্তে দাম বৃদ্ধির খুব একটা যৌক্তিক কারন নেই। তবে রাইচ মিল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ওমর ফারুক বলেন, চাষীরা ধান কমদামে বিক্রি করছেনা। মিলারদের বেশি দামে ধান কিনতে হচ্ছে। ধানের বাজার কমেগেলে চাউলের দাম কমে যাবে।
কুষ্টিয়া পৌর মার্কেটের তদারকিতে থাকা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান সাংবাদিকদের বলেন, আমাদের একটি টিম বাজার ঘুরে দেখেছে। দাম বেড়েছে। আমরা মিলগুলোর ধান ক্রয় ও মাড়াইয়ের খচরের সঙ্গে বিক্রয় মূল্যের তুলনা করে দেখছি। কেউ অতিরিক্ত মুনাফা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তৌহিদ মন্ডল নামে এক খুদ্র ব্যবসায়ী জানান, খাদ্য অধিদপ্তর, ভোক্তাঅধিকার সহ সরকারের সকল প্রতিষ্ঠান নিশ্চুপ। সাধারণ মানুষের জন্য তাদের কোন দ্বায়বদ্ধতা নেই। ১০ টাকা বৃদ্ধি করে ৩ টাকা কমিয়ে এমনভাবে প্রচার করে মনেহয় গ্রাহককে ফ্রি দিচ্ছে। তিনি সকল দ্রব্যের দাম বৃদ্ধিতে সংবাদমাধ্যমকেও দোষারোপ করেন। চাউলের দাম ৪০ টাকার মধ্যে রাখতে সরকারকে সকল ব্যবস্থা নিতে অনুরোধ করেন।