আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে ঝিনাইদহ-৩ আসনের প্রার্থীর পক্ষে দলীয় সংহতি প্রকাশ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মতিয়ার রহমান নারী নিরাপত্তা ও সুশাসন নিয়ে বিভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো প্রকার নারী নির্যাতন ও ধর্ষণ থাকবে না। পবিত্র কুরআনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে সুশাসন নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।”
উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নারী ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন স্তরের নারী কর্মী ও সমর্থকরা অংশ নেন।