বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি; এটি একটি দীর্ঘদিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে বলা হতো এই এলাকা শতভাগ বিদ্যুতায়িত হয়ে গেছে, আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ—এসবই ছিল শুভঙ্করের ফাঁকি। তারা বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি, সে জন্য কিছুটা সময় প্রয়োজন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে মাদকের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অর্জনগুলোকে নষ্ট করার জন্য একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশ্য বুঝতে হবে। তারা যেন কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে।
সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।