ঢাকা

গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে ডুয়েট-ইন্দোনেশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা, গবেষণা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে ইন্দোনেশিয়ার ‘পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া’ (পিপিএনএস)-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। রোববার (১ ফেব্রুয়ারি) ডুয়েটের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি পরিচালনা করবে। এছাড়া পারস্পরিক ল্যাবরেটরি ও ওয়ার্কশপ ব্যবহারের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, “এই অংশীদারত্ব আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা উদ্ভাবন ও প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারও উচ্চশিক্ষার প্রসারে এই উদ্যোগকে স্বাগত জানান।

ডুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং পিপিএনএস-এর পক্ষে পরিচালক রাচমাদ ত্রি সেলিস্তিজিনো চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ডুয়েট ও পিপিএনএস-এর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর