দেশের খবর

গর্ব মোদের খর্ব হলো উন্নয়নের ছোঁয়ায়

গত বছরের শেষের দিকে মেগা উন্নয়ন হিসেবে দৈনিক ২ হাজার ৯শ’ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি চালু হয়। নতুন আঙ্গিকে ঢেলে সাজানো এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়- এটির সার্বিক পরিসরও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, উৎপাদন ক্ষমতার দিক থেকে যমুনা সার কারখানার চেয়ে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিটি বর্তমানে সর্ববৃহতের যৌক্তিক দাবিদার। দেশের এ বৃহৎ উন্নয়নে সকলেই আনন্দিত। কিন্তু সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানাটি নিয়ে জামালপুরবাসীর এতদিনের গর্ব উন্নয়নের ছোঁয়ায় খর্ব হয়ে গেল।

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত এশিয়া মহাদেশ তথা দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন শিল্প প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭শ’ মে. টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরাঞ্জলের ২০টি জেলার সারের চাহিদা পূরণ করে আসছে।  কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা ও মেশিনারিজ ত্রুটির জন্য উৎপাদনের মাত্রা কমে ১ হাজার থেকে ১ হাজার ২শ’ মে. টন পর্যন্ত নেমে এসেছে। এরমধ্যে প্রতিবছর দুই-একবার কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করায় এ কারখানায় সার উৎপাদন চরমভাবে ব্যাহত হয়েছে। গত সেপ্টেম্বর মাসের প্রথমদিকে ফের গ্যাসের চাপ হঠাৎ কমে যায়। ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। সম্প্রতি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। এজন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমানো হয়। কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪২-৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। এ চাপ ৯ পিএসআই-এ নেমে এলে উৎপাদন সম্ভব হয় না।

তাই জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহৎ যমুনা সার কারখানায় (জেএফসিএল) অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়েছে। তিতাস কর্তৃপক্ষ গ্যাসের চাপ সাময়িক কমিয়ে দেয়ায় ১৫ জানুয়ারি সোমবার থেকে আবার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

 

কামরুল হাসান

০১৯১৪৭৩৫৮৪২

১৮ জানুয়ারি ২০২৪

 



সম্পর্কিত খবর