উচ্চশিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়-এ ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে ‘উপ-প্রকল্পের জন্য আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রকল্প সংশ্লিষ্ট এসপিএম ও তাদের টিম সদস্যসহ মোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা পরিচালক ও ইউএটিএফএস প্রধান ড. মোঃ মসিউল ইসলাম।
স্বাগত বক্তব্যে ড. নাসরীন আক্তার আইভী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে সঠিক আর্থিক ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক দক্ষতার বিষয় নয়; এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প কার্যক্রমে স্বচ্ছ ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণের টেকনিক্যাল সেশন পরিচালনা করেন হিট প্রকল্পের সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ মনসুরুজ্জামান খান। তিনি আর্থিক অ্যাগ্রিমেন্ট, ডিপিপি, উপ-প্রকল্প ফান্ড ব্যবস্থাপনা, পিপিআর ২০২৫, আরএফকিউ, আয়কর ও ভ্যাট সংক্রান্ত বিধান, বাজেট ও ভাউচার রেজিস্টার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শরীফ রায়হান।