ঢাকা

গাজীপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, অপহরণ ও জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টা, জালিয়াতি ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. ডালিম মিয়া। তিনি অবিলম্বে জমি দখলমুক্ত করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 

শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে পূর্বাচল এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা মৃত ইমাম আলী মিয়া থেকে প্রাপ্ত পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র। সংশ্লিষ্ট জমির দাগ, খতিয়ান ও রেকর্ড অনুযায়ী তিনি বৈধ মালিক হওয়া সত্ত্বেও স্থানীয় ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৭ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্তরা তাকে অপহরণ করে পূর্বাচল এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় জোরপূর্বক জমি সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় সেখানে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

 

তিনি জানান, তার জমির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা হলেও একটি চক্র মাত্র ৬০ লাখ টাকার বিনিময়ে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে চাপে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন (মামলা নং-১০, তারিখ: ০৮/০৩/২০২৬)। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ডালিম মিয়া বলেন, ‘আমাদের বাপ-দাদার সম্পত্তি দখল করতে একটি চক্র পরিকল্পিত ভাবে কাজ করছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’

 

তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জমি দখলচেষ্টা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।



সম্পর্কিত খবর