গাজীপুরের কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে যমুনা ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, বার্ষিক ছুটির বকেয়া টাকা পরিশোধ, টিফিন ও নাইট বিল বৃদ্ধি এবং হাজিরা বোনাস বাড়ানোসহ ৮ দফা দাবিতে সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সকাল ১১টার দিকে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ সাঁটিয়ে দেয়।
আন্দোলনরত এক শ্রমিক অভিযোগ করে বলেন, "আমাদের ন্যায্য দাবি না মেনে কর্তৃপক্ষ পুলিশ দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করিয়েছে। এতে আমাদের অনেক সহকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।" শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ, জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর এবং কারখানায় স্টাফদের অপেশাদার আচরণ বন্ধ করা।
তবে পুলিশ বলছে, শ্রমিকরা রাস্তা অবরোধ করে উশৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়তে হয়। গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন) এর পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, "শ্রমিকরা ইটপাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"
কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।