রংপুর

গাড়ি-বাড়ি না করে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

গাড়ি-বাড়ি না করে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

৩ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ মহিলা কলেজে সংবর্ধনা ও শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, শিক্ষকদের মুখে হাসি ফুটানো, তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো ও তাদের কষ্ট দূর করার জন্য আমরা কাজ করছি। আপনারা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সাধারণ ধারায় পড়াশোনা করে অনার্স-মাস্টার্স পাস করার পরেও চাকরি হয় না। বর্তমানে কারিগরি শিক্ষার বড় অভাব রয়েছে।

দেশে আজ মাদকের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা চারদিকে ছড়িয়ে পড়েছে। এদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। কিশোরদের সংশোধন করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বাড়িতে টিভি বা ফ্রিজ নষ্ট হলে তা মেরামতের জন্য কারিগর খুঁজতে হয়। সেটি খুঁজতে বিভিন্ন জায়গায় যেতে হয়। যদি আপনার সন্তান কারিগরি শিক্ষা গ্রহণ করত, তবে এ ধরনের সমস্যার সমাধান সে নিজেই করতে পারত।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পঞ্চগড় জেলা শাখার সভাপতি তোয়াবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, জেলা কমিটির উপদেষ্টা ও জিয়া পরিষদের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এ সমাবেশে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এ সংবর্ধনা ও সমাবেশের আয়োজন করে।



সম্পর্কিত খবর