ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ আহমেদ চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসহাক মিয়া।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোতালেব মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি নিয়াজ মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক নেসার আহমেদ, শ্রীঘর এসইএসডিপি মডেল হাইস্কুলের অ্যাডহক কমিটির সভাপতি মো. তাকিউল ইসলাম, প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর হোসেন শ্যামল, প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন আনাস, সহকারী শিক্ষক সঞ্জয় দেব, উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক জাহির সরদার প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদ আহমেদ চৌধুরীর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সমাজের কল্যাণে তাঁর অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।