চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার রিংয়ে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছিলেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জেলানি তেতে। কিন্তু সেই কামব্যাকের স্বপ্ন এক নিমেষেই কেড়ে নিল বন্দুকের গুলি।
নিজ বাড়ির সামনে সশস্ত্র দুষ্কৃতকারীদের হামলায় নিহত হয়েছেন ৩৮ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান বক্সার।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের মডানসানে ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিজ বাড়ির গেট খোলার অপেক্ষায় গাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎ করেই দুই মুখোশধারী এসে তেতেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে তার সঙ্গে থাকা ২৭ বছর বয়সী এক নারীও মারাত্মক আহত হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
তেতের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনে।
দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি শোক প্রকাশ করে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা তার ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধাকে হারাল।’
তেতের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সাফল্যমণ্ডিত। ২০০৭-০৮ সালে ডাব্লিউবিএফ ফ্লাইওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৪ সালে জেতেন আইবিএফ সুপার-ফ্লাইওয়েট শিরোপা। পরবর্তী সময়ে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত ডাব্লিউবিও ব্যান্টামওয়েট বিশ্বচ্যাম্পিয়নের খেতাব নিজের দখলে রেখেছিলেন তিনি। ২০১৭ সালে সিবোনিসো গোনিয়াকে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তেতে, যা বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দ্রুততম নকআউট হিসেবে এখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ।
পেশাদার ক্যারিয়ারের ৩৪টি লড়াইয়ের মধ্যে ২৯টিতেই জয় পান তেতে, যার ২২টিই ছিল নকআউটে। ২০২২ সালের জুলাইয়ে লন্ডনে ব্রিটিশ বক্সার জেসন কানিংহ্যামকে হারিয়ে শেষবার রিং ছেড়েছিলেন তিনি। তবে ডোপ টেস্টে অ্যানাবলিক স্টেরয়েড ধরা পড়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্যের অ্যান্টি-ডোপিং সংস্থা।
গত ২৯ জুলাই তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তেতের ম্যানেজার ম্লা তেঙ্গিমফেনে জানান, নিষেধাজ্ঞা কাটিয়ে রিংয়ে ফেরার লক্ষ্যে জোর কদমে অনুশীলন করছিলেন এই বক্সার।